একটু খেয়াল করলেই, আমাদের দেশের ভোরবেলায় উঠানে শোনা যায় দোয়েলের শিস। দুপুরে দেখা যায় বুলবুলির হুল্লোড়। আবার সন্ধ্যাবেলা দিগন্তে তাকালে হয়তো দেখা মিলবে বকের সারির। পাখি বাংলাদেশের প্রতিদিনের অনুষঙ্গ। পাখি দেখার জন্য কোথাও যেতে হয় না। দরকার শুধু একটু মনোযোগ, একটু ধৈর্য আর কয়েকটি সহজ অভ্যাস।
এক নজরে
| খরচ | শুরুতে প্রায় শূন্য; বাইনোকুলার কিনলে বাজেট অনুযায়ী |
| সবচেয়ে ভালো সময় | সূর্য ওঠার পর প্রথম ২–৩ ঘণ্টা, এবং বিকেলের শেষ ভাগ |
| সবচেয়ে ভালো মৌসুম | নভেম্বর–মার্চ (শীতের পরিযায়ী পাখি আসে); মার্চ–জুলাই (দেশি পাখির প্রজনন, ডাক বেশি শোনা যায়) |
| বাংলাদেশে পাখির প্রজাতি | উৎসভেদে ৬০০ থেকে ৭০০-এর বেশি; এর বড় একটি অংশ পরিযায়ী |
| প্রথম লক্ষ্য | নিজের বাড়ির আশপাশের ২০টি পাখি নিশ্চিতভাবে চেনা |
| দরকারি অ্যাপ | Merlin Bird ID (চেনার জন্য), eBird (হিসাব রাখার জন্য) — দুটিই বিনামূল্যে |
পাখি দেখা আসলে কী
পাখি দেখাকে ইংরেজিতে বলে বার্ড ওয়াচিং বা অনেক সময় একে বার্ডিংও বলা হয়। পাখি দেখার মানে হলো প্রকৃতিতে মুক্ত পাখিকে পর্যবেক্ষণ করা, চেনা এবং তার আচরণ বোঝা।
পাখি দেখা হলো দূর থেকে পর্যবেক্ষণ, এর জন্য পাখিকে ধরার প্রয়োজন নাই, বিরক্ত করার তো প্রশ্নই ওঠে না। এটি যেমন শখ, তেমনি এটি বিজ্ঞানও। সারা পৃথিবীর সাধারণ মানুষের পাঠানো পাখির তালিকা থেকে বিজ্ঞানীরা পাখির সংখ্যা, চলাফেরা ও পাখির বিপদ কি তা বোঝার চেষ্টা করেন।
বাংলাদেশ তো আসলে পাখির দেশও। তার ওপর আমাদের দেশটি দুটি বড় পাখি পরিযান পথের ওপর পড়েছে, তাই প্রতি শীতে উত্তর থেকে বহু পাখি এখানে আসে। পাখি পরিযান পথ হলো যে পথে পাখিরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করে। বাংলাদেশ এরকম দুটি পথের মধ্যে পড়ে, আর পথ দুটি হলো মধ্য এশীয় ও পূর্ব এশীয়-অস্ট্রেলেশীয় ফ্লাইওয়ে।
শুরু করতে কী কী লাগে
১. চোখ, কান আর একটি নোটখাতা (প্রথম ধাপ)
বাংলাদেশের পাখিগুলোর মধ্যে দোয়েল, শালিক, কাক, বুলবুলি, ঘুঘু, টুনটুনি, ফিঙে, বক সহজেই দেখা যায় এবং খালি চোখেই এদের চেনা যায়। তবে পাখিবিদ হিসেবে শুরু করতে, একটা ছোটো খাতা আর কলম রাখলে সুবিধা হয়। কোন পাখি, কোথায়, কখন, কী করছিল এসব জিনিস চট করে লিখে রাখা যায়। স্মৃতির ওপর ভরসা করলে অনেক তথ্যই হারিয়ে যায়।
২. বাইনোকুলার (দ্বিতীয় ধাপ)
কিছুদিন খালি চোখে দেখার পর বোঝা যায়, দূরের গাছের মাথায় বসা ছোট পাখিটির রং বা চোখের দাগ দেখা যাচ্ছে না। তখন বাইনোকুলার দরকার পড়ে। বাইনোকুলারের গায়ে লেখা দুটি সংখ্যার মাঝে গুণ চিহ্ন লেখা থাকে, যেমন – ৮×৪২:
- প্রথম সংখ্যা (৮) = লক্ষ্যবস্তু কতগুণ বড় দেখাবে। পাখি দেখার জন্য ৮ বা ১০ ভালো। ৮× বাইনোকুলার হাতে ধরলে, হাত কম কাঁপে। এছাড়া চওড়া জায়গা দেখা যায় বলে আনাড়ি পাখিবিদদের জন্য ব্যবহার করা সহজ।
- দ্বিতীয় সংখ্যা (৪২) = সামনের লেন্সের ব্যাস (মিলিমিটার)। বড় হলে আলো বেশি ঢোকে, ভোর-সন্ধ্যায় ভালো দেখা যায়, কিন্তু ওজন বাড়ে। ৩২ থেকে ৪২ ভালো পরিসর।
তবে বাইনোকুলার যদি কিনতেই হয়, তখন খুব বেশি জুম লেখা (২০×, ৩০×) লেখা সস্তা বাইনোকুলার এড়িয়ে চলা উচিত। এগুলোতে হাত কাঁপে, ছবি ঝাপসা আসে এমন নানান সমস্যা হয়।
৩. ফিল্ড গাইড বই ও অ্যাপ
- Merlin Bird ID (Cornell Lab-এর বিনামূল্যের অ্যাপ): এই অ্যাপটি মোবাইলে ব্যবহার করা যায়। এই অ্যাপ থেকে পাখির ছবি বা ডাক থেকে পাখি শনাক্ত করা যায়। অ্যাপ থেকে দক্ষিণ এশিয়ার “বার্ড প্যাক” ডাউনলোড করে নিলে ইন্টারনেট ছাড়াও পাশি চিহ্নিত করার কাজ করা যায়।
- eBird: এই প্ল্যাটফর্মে নিজের দেখা পাখির তালিকা জমা রাখার যায়। নিজ এলাকায় অন্যেরা কোন কোন পাখি দেখেছে, তা-ও দেখা যায় এই প্ল্যাটফর্ম থেকে।
- বই: দক্ষিণ এশিয়ার পাখির জন্য Grimmett, Inskipp ও Inskipp-এর Birds of the Indian Subcontinent বহুল ব্যবহৃত ফিল্ড গাইড। বাংলায় বাংলাদেশের পাখি নিয়ে লেখা বই ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ-এর পাখি খণ্ড কাজে আসে।
৪. পোশাক ও অন্যান্য
পাখি দেখার জন্য উপযুক্ত পোশাক হলো মাটি, সবুজ ও ধূসর রঙের পোশাক, এতে পাখি সহজে ভয় পায় না। এছাড়া টুপি, পানির বোতল, ছাতা সচরাচর প্রয়োজন পড়ে। তবে পাখির ছবি তোলার জন্য আমাদের সাথে থাকা মোবাইলই যথেষ্ট। বাইনোকুলারের চোখের অংশে ফোনের ক্যামেরা ধরে ছবি তোলা যায় (একে “ডিজিস্কোপিং” বলে)।
পাখি দেখার সময়
দিনের বেলা
সূর্য ওঠার পর প্রথম দুই-তিন ঘণ্টা পাখিরা সবচেয়ে সক্রিয় থাকে। তারা খাবার খোঁজে, ডাকে, এলাকা পাহারা দেয়। দুপুরের গরমে বেশির ভাগ পাখি ছায়ায় চুপ থাকে। বিকেলের শেষে আবার তৎপরতা বাড়ে। আর সন্ধ্যায় বক-পানকৌড়ি দলবেঁধে রাতের আশ্রয়ে ফেরে। পেঁচা বা নিশাচর পাখি দেখতে হলে সন্ধ্যার পর নজর রাখতে হবে।
পাখি দেখার মৌসুম
| সময় | কী পাখির দেখা মিলতে পারে |
| নভেম্বর–মার্চ (শীত) | এটা পরিযায়ী পাখির মৌসুম। বিল-হাওরে হাঁস বা বাগানে ছোট পরিযায়ী গায়ক পাখির দেখা মিলতে পারে। গাছে পাতা কম থাকায় এসময় পাখি দেখাও সহজ। |
| মার্চ–জুলাই (বসন্ত-বর্ষা) | এ সময়টা বেশির ভাগ দেশি পাখির প্রজনন মৌসুম। কোকিল, দোয়েল, বসন্তবৌরির ডাক সবচেয়ে বেশি শুনতে পাওয়া যায়। এ সময় পাখিদের বাসা বানাতে দেখা যায়। |
| আগস্ট–অক্টোবর | এ সময় অনেক বাচ্চা পাখি দেখা যায়। অক্টোবরের শেষ দিক থেকে পরিযায়ীরা আসতে শুরু করে। |
কোথায় পাখির দেখা মেলে
পাখি দেখার জন্য বাংলাদেশের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে রয়েছে হাওর অঞ্চল, সুন্দরবন, উপকূল ও সিলেটের বন। তবে শুরুতে দূরে যাওয়ার চাইতে বাড়ির আশপাশের চেনা পাখিগুলো ভালো করে চেনা ও পর্যবেক্ষণ করা পাখি দেখার ভালো সূচনা হতে পারে।
পাখির সংখ্যা সবচেয়ে বেশি থাকে যেখানে দুই ধরনের পরিবেশ এক জায়গায় মেশে। যেমন খোলা মাঠের কিনারে বাগান। আবার পুকুরপাড় বা নদীর চর বা বিলের ধারে নানা রকম পাখির দেখা মেলে।
বাড়ি ও ছাদ: বাড়ির কোনো নির্দিষ্ট জায়গা বা ছাদে প্রতিদিন যদি কিছুক্ষণ বসে থাকা হয় তাহলে পাখির উপস্থিতি বুঝতে পারা যায়। প্রতিদিন একই জায়গায় ১৫–২০ মিনিট সময় কাটানো। এতে একই জায়গা নিয়মিত দেখার ফলে, ঋতুর সঙ্গে পাখির উপস্থিতির বদল ধরতে পারা যায়।
গ্রামের বাগান, বাঁশঝাড়, পুকুরপাড়: দোয়েল, বুলবুলি, টুনটুনি, মাছরাঙা, পানকৌড়ি, ডাহুক।
ধানক্ষেত ও খোলা মাঠ: ফিঙে, শালিক, বক, মুনিয়া, চড়ুই, ভরত।
নদী ও বিল: বক, মাছরাঙা, পানকৌড়ি, শীতে হাঁস ও জলচর পাখি।
শহরে: পার্ক, বোটানিক্যাল গার্ডেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বড় পুকুর ও লেক।
অচেনা পাখি চেনার পাঁচটি সূত্র
নতুনরা সাধারণত শুধু রং দেখে পাখি চেনার চেষ্টা করে। কিন্তু অভিজ্ঞ পাখিপ্রেমীরা একসঙ্গে কয়েকটি সূত্র মেলান:
- আকার ও গড়ন: চেনা পাখির সঙ্গে তুলনা করা যেতে পারে, যেমন – চড়ুইয়ের মতো? শালিকের মতো? কাকের মতো? ঠোঁট কেমন (সরু, মোটা, বাঁকা, লম্বা)? লেজ লম্বা না খাটো?
- রং ও দাগ: মাথা, গলা, ডানা, লেজে কোথায় কী রং; চোখের ওপর বা ডানায় কোনো ডোরা আছে কি না।
- আচরণ: লেজ নাচায়? মাটিতে লাফায় না হাঁটে? গাছের গুঁড়ি বেয়ে ওঠে? উড়তে উড়তে পোকা ধরে?
- বাসস্থান: পানির ধারে, মাঠে, ঘন ঝোপে, না গাছের মাথায়?
- ডাক: অনেক পাখি দেখার আগে তার ডাক শোনা যায়। ঘন ঝোপ বা পাতার ভেতর থেকে পাখি চেনার সবচেয়ে বড় উপায় পাখির ডাক।
প্রতিটি সূত্রের বিস্তারিত উদাহরণ: পাখি চেনার ৫টি সহজ কৌশল।
অচেনা পাখি চেনার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অচেনা পাখি দেখলেই আগে বই বা অ্যাপ না খোলা। আগে যতক্ষণ পারা যায় পাখিটিকে দেখা উচিত, তারপর খাতায় পাখিটি সম্বন্ধে নোট নেওয়া উচিত বা স্কেচ করা যায়। এরপর বই খোলা উচিত। কারণ পাখি উড়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যাবে না।
যে ২০টি পাখি দিয়ে বাংলাদেশের নবীন পাখিবিদদের পাখি দেখার শুরু হতে পারে
বাংলাদেশের গ্রাম ও মফস্বলে প্রায় সব জায়গায় দেখা যায় এমন সব পাখি এই তালিকায় রাখা হয়েছে। এগুলো ভালোভাবে চিনতে শিখলে নতুন পাখি আলাদা করে চোখে পড়বে।
| বাংলা নাম | ইংরেজি নাম | কোথায় পাওয়া যেতে পারে |
| দোয়েল | Oriental Magpie-Robin | উঠান, বাগান |
| ভাত শালিক | Common Myna | উঠান, মাঠ |
| গো-শালিক | Asian Pied Starling | মাঠ, গরুর আশপাশে |
| বুলবুলি | Red-vented Bulbul | ঝোপ, বাগান |
| টুনটুনি | Common Tailorbird | ঝোপঝাড়, সবজি বাগান |
| পাতিকাক | House Crow | লোকালয় |
| দাঁড়কাক | Large-billed Crow | গ্রাম, গাছপালা |
| চড়ুই | House Sparrow | ঘরবাড়ি, বাজার |
| তিলা ঘুঘু | Spotted Dove | মাঠ, উঠান |
| ফিঙে | Black Drongo | মাঠের খুঁটি, তার |
| কোকিল | Asian Koel | বড় গাছ (বসন্তে ডাক) |
| টিয়া | Rose-ringed Parakeet | ফলের গাছ, পুরোনো গাছের কোটর |
| ধলাগলা মাছরাঙা | White-throated Kingfisher | পুকুরপাড়, মাঠ |
| পাতি মাছরাঙা | Common Kingfisher | পানির ধারে নিচু ডাল |
| গো-বক | Cattle Egret | গরুর পাশে, ধানক্ষেত |
| কানিবক | Indian Pond Heron | পুকুর, ডোবা |
| পানকৌড়ি | Little Cormorant | পুকুর, নদী |
| সাদা-বুক ডাহুক | White-breasted Waterhen | পুকুরপাড়ের ঝোপ |
| বাবুই | Baya Weaver | তালগাছ, খেজুর গাছ |
| মৌটুসি | Purple Sunbird | ফুলের গাছ |
পাখি দেখার সময় যেসব নীতি মেনে চলতে হয়
- পাখির বাসার কাছে না যাওয়া। বাসার কাছে বারবার গেলে মা-পাখি বাসা ছেড়ে চলে যেতে পারে, আর শিকারি প্রাণী বাসার খোঁজ পেয়ে যেতে পারে।
- ছবি তোলার জন্য পাখিকে তাড়ানো, ডাল সরানো, বা বাসার চারপাশের পাতা কাটার মতো কাজ না করা।
- প্রজনন মৌসুমে রেকর্ড করা পাখির ডাক বাজিয়ে পাখিকে ডেকে না আনা। এতে পাখি ভাবে এলাকায় প্রতিদ্বন্দ্বী এসেছে, ফলে পাখির ওপর অহেতুক চাপ তৈরি হয়।
- পাখি ধরা, খাঁচায় রাখা বা কেনাবেচায় অংশ নেয়া যাবে না। বাংলাদেশে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন্য পাখি ধরা, মারা, খাঁচায় রাখা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।
- অন্যের জমিতে পাখি দেখার জন্য ঢুকতে হলে. অনুমতি নিয়ে ঢোকা। মানুষকে পাখি দেখা সম্পর্কে বুঝিয়ে বলা।
পাখি দেখার ক্ষেত্রে প্রথম করণীয়
প্রতিদিন সকালে বাড়ির একই জায়গায় ১৫ মিনিট বসা। চেনা পাখির নাম লেখা, এবং অচেনা পাখির বর্ণনা লিখে রখা।
Merlin অ্যাপ নামিয়ে অচেনা পাখিগুলো মেলানোর চেষ্টা করা। ডাকের রেকর্ড শোনা।
বাড়ি থেকে একটু দূরে, পুকুরপাড় বা মাঠে একটি নতুন জায়গা যোগ করা। এবং কিছুটা সময় বসে পর্যবেক্ষণ করা।
eBird-এ অ্যাকাউন্ট খুলে প্রথম তালিকা জমা দেয়া।
নতুনদের সাধারণ ভুল
- শুধু রং দেখে নাম ঠিক করে ফেলা: আকার, আচরণ, ডাক মেলানো প্রয়োজন।
- বাচ্চা বা স্ত্রী পাখিকে আলাদা প্রজাতি ভাবা: অনেক প্রজাতিতে পুরুষ ও স্ত্রী দেখতে আলাদা।
- অনিশ্চিত পাখিকে তালিকায় নিশ্চিত হিসেবে লেখা: নিশ্চিত না হলে “সম্ভবত” লেখা উচিত। নিশ্চিত তালিকায় কেবল কাজে আসে।
- প্রথমেই দামি ক্যামেরা কেনা: ক্যামেরা কেনার আগে চোখ ও কান তৈরি করা দরকার।
প্রশ্নোত্তর
বাইনোকুলার ছাড়া কি পাখি দেখা শুরু করা যায়?
হ্যাঁ। বাড়ির আশপাশের বেশির ভাগ সাধারণ পাখি খালি চোখেই চেনা যায়। বাইনোকুলার পরে লাগবে, শুরুতে নয়।
পাখি দেখার সবচেয়ে ভালো সময় কোনটি?
সূর্য ওঠার পর প্রথম দুই-তিন ঘণ্টা। মৌসুম হিসেবে নভেম্বর থেকে মার্চ, যখন শীতের পরিযায়ী পাখিরা আসে।
বাংলাদেশে কত প্রজাতির পাখি আছে?
গণনার পদ্ধতিভেদে সংখ্যাটি আলাদা — সাধারণত ৬০০ থেকে ৭০০-এর বেশি প্রজাতির কথা বলা হয়। এর মধ্যে বড় একটি অংশ পরিযায়ী।
পাখি দেখা কি শুধু শখ?
শখ তো বটেই, পাশাপাশি eBird-এর মতো প্ল্যাটফর্মে জমা দেওয়া তালিকা পাখি সংরক্ষণ ও গবেষণায় কাজে লাগে।
এ সংক্রান্ত অন্যান্য লেখা
- পাখি চেনার ৫টি সহজ কৌশল: আকার, রং, ডাক, আচরণ, বাসস্থান
- পাখি-ডায়েরি: কীভাবে নোট রাখতে হয় ও তালিকা বানাতে হয়
- দোয়েল: আমাদের জাতীয় পাখি
- বাংলাদেশের পাখির বার্ষিক ক্যালেন্ডার
- পাখি দেখার জন্য বাইনোকুলার কেনার গাইড
তথ্যসূত্র
- Birds of Bangladesh – Richard Grimmett, Paul Thomson, Tim lnskipp
- eBird — Bangladesh regional checklist (ebird.org/region/BD)
- Merlin Bird ID – Cornell Lab of Ornithology
- BirdLife International — Country profile: Bangladesh (datazone.birdlife.org)
- Red List of Bangladesh, Volume 3: Birds – IUCN Bangladesh (2015)
- বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, পাখি খণ্ড – বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬, বাংলাদেশ
- আমাদের পাখির রাজ্য – রেজা খান
- পাখিবিশারদ সালিম আলী – রেজা খান
- বাংলাদেশের পাখি – শরীফ খান