পাখি দেখার নোট রাখার পাখি ডায়েরি

পাখির প্রতি যাদের মনোযোগ থাকে, তাদের কাছে প্রায়ই নতুন পাখির দেখা মেলে। এরকম হঠাৎ পাওয়া পাখির কিছু বর্ণনা যদি লিখে রাখা হয়, তা পাখি দেখার যাত্রাকে অনেক সহজ করে। এর জন্য শুধু দরকার একটা ছোটো খাতা, একটি কলম, আর নতুন কোনো পাখি দেখলে বা ডাক শুনলে কয়েক লাইন লেখার অভ্যাস।

এক নজরে

যা লাগবেপকেটে আঁটে এমন খাতা, পেনসিল বা কলম; চাইলে মোবাইল
যা লিখতে হবেতারিখ, সময়, জায়গা, আবহাওয়া, পাখির নাম ও সংখ্যা
প্রধান সুবিধাঋতুর সঙ্গে পাখির আসা-যাওয়া নিজের চোখে ধরা পড়ে

পাখি ডায়েরি আসলে কী

পাখি ডায়েরি হলো পাখি দেখার সময় নেওয়া নোটের খাতা। ইংরেজিতে একে ফিল্ড নোটবুক বলে। ফিল্ড মানে মাঠ, অর্থাৎ যে খাতা মাঠে বসেই লেখা হয়। এতে থাকে কোন পাখি দেখা গেলো, কোথায় দেখা গেলো, কখন দেখা গেলো, কয়টি দেখা গেলো, আর পাখিটা কি করছিল তার বিবরণ।

এ ডায়েরির সবচেয়ে বড় কাজ হলো স্মৃতিকে ধরে রাখা। স্মৃতির ওপর ভরসা করলে মাস খানেক পরেই অনেক কিছু গুলিয়ে যায়। কিন্তু লেখা থাকলে কয়েক বছর পরেও বোঝা যায়, কোন পাখি কোন মাসে এসেছিলো। আবার অচেনা পাখি চেনার সময়ও এ নোট কাজে আসে। 

বাংলাদেশে ঋতুর বদল খুব স্পষ্ট। কয়েক বছরের ডায়েরি পাশাপাশি রাখলে নিজের এলাকার একটা পাখির ক্যালেন্ডার তৈরি হয়ে যায়।

ডায়েরির জন্য যা লাগবে

১. ছোট খাতা 

পকেটে বা ব্যাগের ছোট খোপে আঁটে এমন খাতা সবচেয়ে কাজের। পাখি দেখার জন্য বড় খাতা সামলাতে ঝামেলা হয়। শক্ত মলাটের খাতা হলে হাতের ওপর রেখেই লেখা যায়।

অনেকে দুটি খাতা রাখেন। একটি ছোট খাতা মাঠের জন্য। আরেকটি বড় খাতা বাড়িতে, যেখানে মাঠের নোট গুছিয়ে তুলে রাখা হয়। দুটি খাতা রাখলেও মাঠের আসল নোট ফেলে না দিয়ে রেখে দেওয়া উচিত। কারণ পরে কোনো সন্দেহ হলে আসল নোটই ভরসা।

২. পেনসিল বা কলম

পেনসিলের লেখা ভিজলেও মোছে না, আর রোদে ফিকে হয় না। তাই বর্ষায় বা পানির ধারে পেনসিল নিরাপদ। কেউ কেউ স্থায়ী কালির কলম পছন্দ করেন, যাতে লেখা পরে বদলানো না যায়।  

৩. মোবাইল

মোবাইলে ছবি আর পাখির ডাক রেকর্ড রাখা যায়। এগুলো ডায়েরির নোটের সঙ্গে মিলিয়ে রাখলে পরে চেনা সহজ হয়। তবে মোবাইল খাতার বিকল্প নয়। মাঠে দ্রুত দুই লাইন লেখা বা দ্রুত একটা আঁকিবুঁকির জন্য খাতাতেই সুবিধা হয়।

ডায়েরিতে যা লিখতে হবে

প্রতিবার পাখি দেখা শুরু করার আগে ডায়েরির পাতার ওপরে কয়েকটি তথ্য লেখা উচিত। এগুলো ছাড়া পাখির তালিকার মূল্য অনেক কমে যায়।

  • তারিখ: দিন, মাস, বছর পুরোটা। শুধু “সোমবার” লিখলে পরে কোনো কাজে আসে না।
  • সময়: কখন শুরু, কখন শেষ। এতে বোঝা যায় কতক্ষণ দেখা হয়েছে।
  • জায়গা: গ্রাম বা পাড়ার নাম, আর নির্দিষ্ট জায়গা, যেমন “উত্তরের পুকুরপাড়”।
  • আবহাওয়া: রোদ, মেঘ, কুয়াশা, বৃষ্টি, বাতাস। কুয়াশার সকালে কম পাখি দেখা গেলে তার কারণ বোঝা যায়।
  • পরিবেশ: মাঠ, বাগান, বিল, বাঁশঝাড়। একই দিনে আলাদা পরিবেশে গেলে আলাদা করে লেখা উচিত।

এরপর পাখির তালিকা। প্রতিটি পাখির পাশে কয়েকটি তথ্য রাখা যায়:

  • নাম: পুরো নাম লেখা উচিত। নিজের বানানো সংক্ষেপ পরে নিজেরই মনে থাকে না।
  • সংখ্যা: কয়টি দেখা গেল। নিশ্চিত না হলে কাছাকাছি আন্দাজ, যেমন “প্রায় ২০”।
  • আচরণ: খাচ্ছিল, ডাকছিল, বাসা বানাচ্ছিল, উড়ে যাচ্ছিল।
  • বিশেষ কিছু: বাচ্চা পাখি, অস্বাভাবিক রং, প্রথমবার দেখা পাখি।

অচেনা পাখির নোট: স্কেচ ও বর্ণনা

অচেনা পাখির ক্ষেত্রে নোট সবচেয়ে বেশি কাজে আসে। এক্ষেত্রে স্কেচ বা আঁকিবুঁকিও খুব উপকারী। স্কেচ হলো দ্রুত হাতে আঁকা মোটামুটি একটা ছবি। এরজন্য শিল্পী হওয়ার দরকার পড়ে না।

  • শরীর ও মাথা আঁকা: বড় ডিম্বাকারে শরীর, ছোট বৃত্তে মাথা।
  • ঠোঁট, লেজ, পা যোগ করা: ঠোঁট কতটা লম্বা, লেজ খাটো না লম্বা, তা আন্দাজে।
  • দাগ চিহ্নিত করা: চোখের ওপর রেখা, ডানার পট্টি, বুকের ছিট যেখানে দেখা গেছে।
  • তীর দিয়ে রং লেখা: রং আঁকার চেয়ে তীর টেনে “হলুদ”, “ধূসর” লিখে দেওয়া সহজ।
  • আচরণ ও ডাক পাশে লেখা: যেমন “লেজ দোলায়”, “টি-টি ডাক”।

অচেনা পাখির নোটে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যা চোখে দেখা গেছে, শুধু সেটাই লেখা। বই দেখার পর মনে হওয়া দাগ পরে যোগ করা উচিত নয়। এতে নোটের সততা থাকে, আর ভুল নাম বসানোর ঝুঁকি কমে।

নিজের তালিকা

ডায়েরির নোট থেকে কয়েক রকম তালিকা বানানো যায়। ইংরেজিতে একে লাইফ লিস্ট বা ইয়ার লিস্ট বলে।

জীবনের তালিকা: জীবনে প্রথমবার দেখা প্রতিটি প্রজাতির নাম, সঙ্গে প্রথম দেখার তারিখ ও জায়গা। একে ইংরেজিতে লাইফ লিস্ট বলে।

বছরের তালিকা: এক বছরে দেখা সব প্রজাতি। প্রতি জানুয়ারিতে নতুন করে শুরু হয়।

বাড়ির তালিকা: নিজের বাড়ি, উঠান বা ছাদ থেকে দেখা পাখি। এটি সবচেয়ে মজার তালিকা, কারণ প্রতিদিন যোগ হওয়ার সুযোগ থাকে।

জায়গার তালিকা: প্রিয় কোনো বিল, বাগান বা ক্যাম্পাসের আলাদা তালিকা।

তালিকায় শুধু নিশ্চিত পাখি রাখা উচিত। নিশ্চিত না হলে নামের পাশে “সম্ভবত” লেখা ভালো। পরে নিশ্চিত হলে প্রশ্নচিহ্ন মুছে দেওয়া যায়।

ডায়েরি রাখার সময় যেসব নীতি মেনে চলতে হয়

  • বাসা আছে এমন বিরল পাখির ঠিক অবস্থান প্রকাশ্যে না দেওয়া। ঠিক জায়গা জানাজানি হলে শিকারি বা ব্যবসায়ীর হাতে পাখির ক্ষতি হতে পারে।
  • নোট বা ছবির জন্য বাসার কাছে না যাওয়া। বারবার কাছে গেলে মা-পাখি বাসা ছেড়ে চলে যেতে পারে।
  • অন্যের দেখা পাখি নিজের তালিকায় না তোলা। নিজে না দেখলে বা না শুনলে, তালিকায় রাখা ঠিক নয়।
  • খাঁচার পাখি তালিকায় না রাখা। তালিকা শুধু মুক্ত পাখির।

পাখি ডায়েরি শুরুর প্রথম করণীয়

  • পকেটে আঁটে এমন একটি খাতা আর একটি পেনসিল আলাদা করে রাখা।
  • খাতার প্রথম পাতায় নিজের নাম, ফোন নম্বর আর “খাতাটি পেলে ফেরত দিন” লেখা।
  • প্রতিদিন সকালে বাড়ির একই জায়গায় ১৫ মিনিট বসে তারিখ, সময়, আবহাওয়াসহ তালিকা লেখা।
  • সপ্তাহে অন্তত একটি অচেনা পাখির স্কেচ করা।
  • মাসের শেষে খাতা থেকে বাড়ির তালিকা আলাদা পাতায় তোলা।

নতুনদের সাধারণ ভুল

  • পরে লিখব ভেবে মাঠে না লেখা: বাড়ি ফিরতেই অনেক তথ্য হারিয়ে যায়, তাই মাঠে থাকতেই দুই লাইন লিখে রাখা উচিত।
  • তারিখ বা জায়গা না লেখা: এগুলো ছাড়া তালিকা পরে কোনো কাজে আসে না।
  • শুধু নতুন পাখি লেখা: চেনা পাখিও সংখ্যাসহ লিখলে কয়েক বছর পরে তাদের বাড়া-কমা বোঝা যায়।
  • বই দেখে নোট বদলে ফেলা: মাঠে যা দেখা গেছে সেটাই রাখা উচিত, অনুমান আলাদা করে লেখা ভালো।
  • মাঠের খাতা ফেলে দেওয়া: গুছিয়ে তোলার পরও আসল নোট রেখে দেওয়া দরকার।

এ সংক্রান্ত অন্যান্য লেখা